পোষ্য বিড়াল মিন্নুই ছিল জান প্রাণ। ওই খুদে পোষ্যকে কেন্দ্র করেই আবর্তিত হত ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থী মেহজাবিনের খেলাময় জীবন। শুক্রবার দুপুরের পর থেকেই আদরের বিড়ালটির খোঁজ মিলছিলনা। এঘর ওঘরে সাড়াশব্দ না পাওয়ায় সন্ধ্যায় মিলে তার খোঁজ। বিড়ালটি গিয়ে বসেছে ৪ তালার কার্নিশে। আর এক পা এগোলেই নিচে পড়ে নিশ্চিত মৃত্যু। তড়িঘড়ি পোষ্যের সুরক্ষার চিন্তায় ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করতে যেতেই ঘটল ভয়াবহ ঘটনা। সেখান থেকে মিন্নুকে আনতে গিয়ে কার্নিশেই আটকে যায় তরুণী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবরেজিস্টার অফিস এলাকায়। সেখানে অবস্থিত রুহুল আমিনের মালিকানাধীন ৪তালা ভবনের ঘটনা।
স্থানীয় ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়,’ ওই বাসার একটি ইউনিটে পরিবারের সঙ্গে থাকে মেহজাবিন। সে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে মিন্নু নামের ওই বিড়ালটি লালনপালন করে সে। এদিন দুপুর থেকেই বিড়ালটি খুঁজে বেড়াচ্ছিলেন মেহজাবিন। দু-একজনকে তার ব্যাপারে জিজ্ঞাসাও করেন। শেষ পর্যন্ত মিউ মিউ ডাক শুনে দেখেন বিড়ালটি ৪ তালার কার্নিশে আটকে। বিড়ালটিকে দেখতে পেয়ে তিনি বুঝতে পারেন সম্ভবত, সেটি ওখানে আটকে পড়েছে। আসতে পারছে না। শেষ পর্যন্ত ছাদে উঠে পাঁচিল থেকে ঝুঁকে প্রথমে বিড়ালটিকে উদ্ধার করার চেষ্টা করেন, তাতেও না হওয়ায় শেষ কার্নিশে ছাদ বেয়ে নেমে নিজেই তাকে আনতে যান মেহজাবিন। কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়া কার্নিশে নামতে গিয়েই ব্যালান্স হারায় সে। একপর্যায়ে সেখানেই আটকে যায় সে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের কর্মীরা এসে শিক্ষার্থীকে উদ্ধার করে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম বলেন,’ একটি ভবনের ৪ তালার ছাদের দেয়ালে কার্নিশে এক শিক্ষার্থী আটকে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। ৩০ মিনিটের চেষ্টায় তরুণীকে উদ্ধার করতে সক্ষম হই। বিড়াল নামাতে গিয়েই সেখানে আটকে যায় সে। কোনো প্রকার সুরক্ষা নিশ্চিত না হয়ে এভাবে বহুল ভবনের কার্নিশে উঠা নিশ্চিত জীবনের ঝুঁকি। যদিও আমরা কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
Leave a Reply