সাভারে দুই হাজারের বেশী বন বিভাগের চারাগাছ নষ্ট করেছে দূর্বৃত্তরা। এসময়, বন বিভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা ফরেস্ট গার্ডদের সাথে ভূমিদস্যুদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
১ ডিসেম্বর (শুক্রবার) উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর মৌজায় বন বিভাগের বনায়ন প্রকল্পের রোপনকৃত দুই হাজারের বেশী চারাগাছ ভেঙ্গে নষ্ট করে ভূমিদস্যু কামরুল ইসলাম ওরফে আল-আমীন ও তার সন্ত্রাসী বাহিনী। শুক্রবার সন্ধ্যার পূর্ব মূহুর্তে ভূমিদস্যু আল-আমীন প্রায় অর্ধশতাধিক মোটরবাইক ও মিনি ট্রাকযোগে দেড়-দুইশ সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।
এদিকে সরকারী সম্পত্তি, বনের সরকারী চারাগাছ ও আত্মরক্ষার্থে ফরেস্ট গার্ডদের ছোঁড়া গুলির শব্দও পাওয়া গেছে। সন্ত্রাসীদের সংখ্যা বেশী হওয়ায় একপর্যায়ে পিছু হটতে বাধ্য হন ফরেস্ট গার্ডরা।
এসময়, ফরেস্ট গার্ডদের ঘরে থাকা লেপ-তোষক বের করে নিয়ে গিয়ে ঘরে তালা লাগিয়ে দেয় দূর্বৃত্তরা। বনের সাইনবোর্ড, লেপ-তোষক ও দুই হাজারের বেশী গাছ ভেঙ্গে একত্রে তারা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে বলে অভিযোগ করেন বন বিভাগের সাভার অঞ্চলের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা এমদাদুল হক।
এবিষয়ে জানতে চাইলে গাজীপুর বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অফিসার মনিরুল করিম দৈনিক আমার সময়-কে বলেন, এই অঞ্চলের বনায়ন রক্ষায় তাদের জনবল সংকটের সুযোগ নিয়েছিলো ভূমিদস্যুরা। তবে, বন বিভাগ সর্বদা প্রস্তুত রয়েছে বন রক্ষায়। সরকারী সম্পত্তি রক্ষা করা, সরকারী সম্পদ গাছ রক্ষা করতে সব সময় তারা সোচ্চার বলেও নিশ্চিত করেন এ কর্মকর্তা। ভূমিদস্যুরা বিভিন্ন লোকজনের নিকট থেকে অর্থ নিয়ে এই সরকারী সম্পত্তি দখল করতে এসেছিল। অনেকে না বুঝে ইনভেস্ট করেছে। মূলতঃ সে সব ইনভেস্ট করা ব্যক্তিদের চাপেই তারা সন্ত্রাসী দিয়ে সরকারি জমি দখল নেয়ার অপচেষ্টা করেছে। তারা আমাদের গার্ডদের ঘরে তালা লাগিয়ে দিয়েছিলো। হুমকি দিয়েছে। ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। ভূমদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা। সরকারী সম্পদ রক্ষায় ইতিমধ্যে অতিরক্তি ফরেস্ট গার্ড নিযুক্ত করা হয়ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়ছে।
Leave a Reply