সরকারি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রির দায়ে গাজীপুরের শ্রীপুরে মো. সোলেমান নামে এক মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে এ জরিমানা আদায় করা হয়। এরআগে, সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মো. সোলেমান (৪০) কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. সিরাজুল হকের ছেলে।
আদালত সূত্র জানায়, কেওয়া এলাকায় মাটি কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোলেমান পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে মাটি কাটার সরঞ্জাম হিসেবে একটি এক্সকাভেটর (ভেকু) এবং একটি ডাম্প ট্রাক জব্দ করে প্রশাসন। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ব্যবস্থা নেওয়া হয়। এর আওতায় তাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,'” একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমির মাটি লুট করছিল। কৌশলে তাদের ভেকু ও ট্রাক আটক করা হয়। পরে একটি মামলায় ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এবং সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে।”
Leave a Reply