1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎সন্তানের শিক্ষায় বিনিয়োগই সর্বোত্তম বিনিয়োগঃ শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অভিভাবক-শিক্ষকের সমন্বয়ের আহ্বান - দৈনিক আমার সময়

‎সন্তানের শিক্ষায় বিনিয়োগই সর্বোত্তম বিনিয়োগঃ শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অভিভাবক-শিক্ষকের সমন্বয়ের আহ্বান

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সন্তানের শিক্ষায় বিনিয়োগই সর্বোত্তম বিনিয়োগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিদ্যালয়ের মিলনায়তন হলরুমে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিকতা ও শৃঙ্খলা চর্চা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবক-শিক্ষক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য শাহেদা খানম মালাসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সভায় বক্তারা বলেন, একটি শিক্ষার্থী শুধু ভালো ফলাফল করলেই তার শিক্ষা সম্পূর্ণ হয় না, তাকে একজন সৎ, দায়িত্বশীল, মানবিক ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, সময়মতো পড়াশোনা, বই পড়ার অভ্যাস এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, আজকের সময় ও পরিশ্রমই আগামী দিনের সাফল্যের ভিত্তি। তোমাদের স্বপ্ন যত বড় হবে, সেই স্বপ্ন পূরণে পরিশ্রম, অধ্যবসায় ও শৃঙ্খলাও তত বেশি প্রয়োজন। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থেকে প্রযুক্তিকে জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়। অনলাইনে শিশু-কিশোরদের নিরাপত্তা ও সঠিক ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

‎অভিভাবকদের উদ্দেশে বক্তারা বলেন, সন্তানকে শুধু পরীক্ষার ফলাফলের জন্য চাপ না দিয়ে তার পড়াশোনা, মানসিক বিকাশ, আচরণ ও আগ্রহের বিষয়গুলো বুঝতে হবে। প্রতিদিন কিছুটা সময় সন্তানের সঙ্গে কথা বলা, তার সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন। শাসনের পাশাপাশি ভালোবাসা, উৎসাহ ও ইতিবাচক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। UNICEF-ও অভিভাবকদের সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে। বক্তারা আরও বলেন, সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো মানসম্মত শিক্ষা ও সুন্দর মূল্যবোধ। তাই অভিভাবকদের উচিত সন্তানদের শিক্ষার পেছনে সময়, শ্রম ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া। পাশাপাশি শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক, সহিংসতা, অনলাইন হয়রানি ও অসৎ সঙ্গ থেকে দূরে রেখে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে এবং ইতিমধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অর্জিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে মতবিনিময় করা হয়। সবশেষে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলাবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com