গাজীপুরের শ্রীপুর পৌরসভার ময়লার গাড়ি চাপায় জসিম আহম্মেদ নামে এক কারখানার নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালের দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড (কলিম উদ্দিন চেয়ারম্যান) মোড়ের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভিতরে ওই দুর্ঘটনাটি ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিরাপত্তা প্রহরী জসিম আহম্মেদ (৪৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার আব্দুল মান্নানের বাড়ীতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতো।
অভিযুক্ত চালাক মাইন উদ্দিন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বাগমারা এলাকার বাসিন্দা। তিনি পৌরসভার গার্ভেজ ট্রাক চালকের দায়িত্ব পালন করেন।
পুলিশ, স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, শ্রীপুর পৌরসভার ময়লার গাড়ি কারখানা থেকে ময়লা নেওয়ার জন্য কারখানায় প্রবেশ করছিল। কারখানার ভেতরে ১নং গেইটের উত্তর পাশে রাস্তার উপর দায়িত্ব পালন করছিল নিরাপত্তা প্রহরী জসিম আহম্মেদ। গাড়িটি কারখানায় প্রবেশের সময় দায়িত্বরত নিরাপত্তা প্রহরীকে ধাক্কা দিলে গাড়ীর চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ পৌরসভার ময়লার গাড়ি আটক করলেও চালক মাইন উদ্দিন পালিয়ে যায়।
এ বিষয়ে নোমান শিল্প গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেনকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর পৌরসভার কনজারভেন্সি ইনস্পেকটর জহির আহমেদ বলেন,’ ময়লার গাড়ি ওই কারখানার ফটকের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে ঘুরিয়ে অন্যত্র নেওয়ার সময় অসাবধানতা বশত গেটে থাকা নিরাপত্তা প্রহরীকে চাপা দেয়। খবর পেয়ে আমরা এসেছি। উর্ধতন কর্মকর্তারাও এসেছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,’ বিষয়টি জেনে দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেই অপরাধ করুক,আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে শ্রীপুর পৌরসভা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করবে।’
Leave a Reply