ময়মনসিংহ নগরীর পোচা পুকুর পাড় এলাকায় অনুমোদিত নকশা অমান্য করে ও নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নির্মিত একটি বহুতল ভবনকে কেন্দ্র করে হাইকোর্ট ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ, বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের নেতৃত্বে, ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রিট পিটিশন নং ১৯০৭৮/২০২৫-এর শুনানির পর এই আদেশ দেন। আদালত স্পষ্টভাবে বলেছেন, রিট আবেদনকারী মো. জাহাঙ্গীরের অভিযোগ অনুযায়ী ৩০ দিনের মধ্যে বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে।
রিটে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বহুতল ভবনের নির্মাণ কাজ নিষেধাজ্ঞা অমান্য করে দ্রুত এগিয়ে চলেছে। অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। হাইকোর্ট সরাসরি প্রশাসক ও নগর পরিকল্পনাবিদকে অভিযোগ নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে, ৩০ জুন নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসের নেতৃত্বে এক পরিদর্শন টিম ভবনটিতে গিয়ে দেখেছিলেন, ভবন নির্মাণে নিষেধাজ্ঞা অমান্য করা হচ্ছে। ভবন ভাঙার নির্দেশ থাকা সত্ত্বেও পুনর্নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছিল। ২ জুলাই মসিক কর্তৃপক্ষ ভবনটিতে লাল দাগ দিয়ে সতর্কতা জারি করলেও পরবর্তীতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
এদিকে একাধিক বার ফোন দিলেও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত। নগর পরিকল্পনাবিদের কাছ থেকে বর্তমান অবস্থা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিট আবেদনকারী মো. জাহাঙ্গীর ১ জানুয়ারি ২০২৬ তারিখে হাইকোর্টের আদেশের সহি-মোহরযুক্ত অনুলিপি সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য পুনরায় আবেদন করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। নাগরিকরা অভিযোগ করছেন, নকশা অমান্য করে ভবন নির্মাণের ফলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
Leave a Reply