1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর-লালমনিরহাট মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার সড়ক দুর্ঘটনা রোধে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ - দৈনিক আমার সময়

রংপুর-লালমনিরহাট মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার সড়ক দুর্ঘটনা রোধে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

আলামীন রংপুর
    প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর-লালমনিরহাট মহাসড়কের ঝুঁকিপূর্ণ কলাবাড়ি মোড়ের ঘন ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করে সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রংপুর-লালমনিরহাট মহাসড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। এর মধ্যে কলাবাড়ি মোড়টি রংপুর থেকে লালমনিরহাটের দিকে প্রায় ১৩৫ ডিগ্রি কোণে বাঁক নেওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, মোড়ের পাশে ঘন ঝোপঝাড় ও জঙ্গলের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগেভাগে দেখতে না পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এতে অতীতে প্রাণহানি, আহত হওয়া এবং অনেক পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষতির ঘটনাও ঘটেছে।
এ অবস্থায় ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কলাবাড়ি মোড়ের ঝোপঝাড় ও আশপাশের এলাকা পরিষ্কারের উদ্যোগ নেয় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
জেলা কমান্ড্যান্ট মো. সহিদুল ইসলামের নির্দেশনায় এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলা প্রশিক্ষক মো. নুরুজ্জামান শাহিন ও উপজেলা প্রশিক্ষিকা জান্নাত আরা সক্রিয়ভাবে অংশ নেন। অভিযানে প্রায় ১০০ জন ভাতাভোগী ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
অভিযানের মাধ্যমে সড়কের বাঁকের পাশে থাকা ঘন জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করায় চালকদের দৃষ্টিসীমা অনেকটা পরিষ্কার হয়েছে। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন দূর থেকেই দেখতে পারছেন চালকরা এবং মোড়টি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত গতিতে অতিক্রম করার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি পরিষ্কার হওয়ায় পথচারী, যাত্রী ও চালকদের চলাচলে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি কমাতে আনসার ও ভিডিপির এমন উদ্যোগকে তারা প্রশংসনীয় ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে ঝুঁকিপূর্ণ বাঁক, দৃষ্টিসীমা বাধাগ্রস্তকারী ঝোপঝাড় ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি আরও কমানো সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com