বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ঘনশ্যাম ভান্ডারি রংপুর সফর করেছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান কলেজ কর্তৃপক্ষ। স্বাগত বক্তব্যে আয়োজকরা বাংলাদেশের চিকিৎসা শিক্ষার অগ্রগতি, আন্তর্জাতিক মান এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা উল্লেখ করেন, দেশের বেসরকারি মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও সম্প্রসারিত করার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক নেপালি শিক্ষার্থী চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করছে এবং ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে মেডিকেল শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করা গেলে উভয় দেশই উপকৃত হবে। এ সময় তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের শিক্ষার মান, আধুনিক অবকাঠামো এবং একাডেমিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল আলম আল আমিন এবং পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার। এছাড়াও কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং নেপাল থেকে আগত অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-নেপাল সম্পর্ক, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে, নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন।
Leave a Reply