রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুর করা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪টি পরিবারের সদস্যদের মাঝে মোট ২ কোটি ১৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খৃষ্টফার হিমেল রিছিল। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শফিকুল আলম সরকার এবং মোটরযান পরিদর্শক মো. মাহবুবার রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে পরিবারটি নানা ধরনের আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়ে। সরকারের পক্ষ থেকে দেওয়া এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকট কিছুটা হলেও লাঘব করবে। পাশাপাশি সড়কে দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে দেওয়া এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে। ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ প্রক্রিয়ায় সহায়তা পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানান তিনি।
বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তার অর্থ পৌঁছে দিতে বিআরটিএ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. মাহবুবার রহমান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদন যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ধরনের সহায়তা দুর্ঘটনাকবলিত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
Leave a Reply