তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উদ্বুদ্ধ করতে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন রংপুর ও জেলা ক্রীড়া কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্ষুদে ক্রীড়াবিদ, অভিভাবক, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ। এসময় অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে শুরু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
জানা গেছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেয়। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজন, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
Leave a Reply