রংপুরে গ্রামীণ ব্যাংক-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রংপুর প্রেসক্লাব-এর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সুবিধা নিশ্চিত করা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এবং বৈশাখী ভাতাসহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। তারা অভিযোগ করেন, অবসর গ্রহণের ১৫ বছর অতিবাহিত হওয়ার পরও তারা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শতভাগ পেনশন সুবিধা বাস্তবায়ন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন কার্যকর করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবিসমূহ সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এ সময় রংপুর বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
Leave a Reply