রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব মো. সামসুজ্জামান সামু বলেছেন, “আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের সুনাগরিক। শিক্ষিত মানবসম্পদ তৈরি করতে অভিভাবক, শিক্ষক ও মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
তিনি বলেন, মাদককে না বলতে হবে, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হতে হবে। তাহলেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রংপুরের মাহিগঞ্জ আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন ও আন্তঃস্কুল চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহিগঞ্জ আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিউল ইসলাম সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহিন বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. আকতারুজ্জামান সাজু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, মোখতার হোসেন, সাবেক চেয়ারম্যান হাসান আলী, বিএনপি নেতা আহসানুল কবির আঞ্জুম, মোস্তফা হোসেন, সিনিয়র শিক্ষক আতাউর রহমান, বেলাল হোসেন, প্রকৌশলী মামুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা মাহিগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আন্তঃস্কুল চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Leave a Reply