মেহেরপুরের গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আব্দুর রউফ নামে এক ব্যক্তি। স্থানীয়দের হাতে আটক হয়ে গণপিটুনি খাওয়ার পর তাকে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৮টার দিকে গাংনীর পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও আটক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছিল। পরে সেই চাঁদা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসময় মেহেরপুর সদর থানায় চাঁদাবাজির একটি মামলা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত সাংবাদিক আব্দুর রউফ ওই গ্রামের মৃত ডা. আব্দুল মান্নানের ছেলে ডা. মাবুদের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে। এর আগে সে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে পুনরায় আরও টাকা দাবি করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় জনতা আব্দুর রউফকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে গাংনীতে অবস্থানরত সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এ বিষয়ে গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply