ইউনাইটেড বাই ইউনিক’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রেডিওথেরাপি বিভাগের সামনে এসে শেষ হয়।
পরে রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান।
রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী রেজিস্ট্রার ডা. উম্মে জান্নাতুল আরা জিনিয়ার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম ও সহকারী পরিচালক ডা. মাইনুদ্দীন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্যান্সার ও রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. নাজমুল আলম খান বলেন, প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং আক্রান্ত রোগীদের প্রতি সহমর্মিতা ও সহায়তার মনোভাব গড়ে তোলা।
তিনি বলেন, ক্যান্সার একটি বৈশ্বিক সমস্যা। উন্নত কিংবা উন্নয়নশীল—কোনো দেশই এই রোগের বাইরে নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ক্যান্সার। প্রতিবছর প্রায় এক কোটি মানুষ এ রোগে মারা যায়। তবে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ক্যান্সারের একটি বড় অংশ প্রতিরোধ করা সম্ভব।
অধ্যাপক নাজমুল আলম খান আরও বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক সহজ ও কার্যকর হয়। বর্তমানে দেশে প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ১০৬ জন ক্যান্সারে আক্রান্ত এবং মোট মৃত্যুর প্রায় ১২ শতাংশ ক্যান্সারজনিত।
তিনি জানান, দেশে স্তন, মুখগহ্বর, পাকস্থলী, শ্বাসনালি ও জরায়ুমুখের ক্যান্সারের প্রকোপ তুলনামূলক বেশি। ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়ামের অভাব, স্থূলতা, অতিবেগুনি রশ্মি, রেডিয়েশন, কিছু রাসায়নিক পদার্থ এবং কিছু ভাইরাস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন, রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, রেজিস্ট্রার ডা. বিউটি সাহা, মেডিকেল অফিসার ডা. আহমেদ জাবির, রেডিওথেরাপিস্ট ডা. মো. রাকিবুল ইসলাম মাসুদসহ রেডিওথেরাপি বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও গণমাধ্যমকর্মীরা।
Leave a Reply