কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গাজীপুরের শ্রীপুরে দোকানী ও ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা স্যানেটারী ইনস্পেকটর রফিকুল ইসলাম, আনসার সদস্য ও থানা পুলিশ।
অভিযান সুত্রে জানা যায়, সরকারি নির্ধারিত ১২৫৩ টাকা এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির কথা থাকলেও বাজারের কোথাও ১,৫০০ টাকা থেকে ১,৭০০ টাকা বিক্রি করছিল দোকানীরা। অভিযোগ উঠে শ্রীপুর পৌর এলাকায় এবং উপজেলার জৈনা এলাকার নায়েব আলী ও মিলন নামের ২ খুচরা দোকানী এবং সাদিয়া এন্টারপ্রাইজ, সাদী এন্টারপ্রাইজ ও করিম এন্টারপ্রাইজ নামের ৩ ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছিল। যা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর জন্যই এমন কৌশল করছে তারা। পরে খবর পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের সময় ওই দুই খুচরা দোকানী ও তিন ডিলারকে ৫ মামলায় মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন,”সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহের দায়ে ২জন খুচরা ব্যবসায়ী এবং ৩জন ডিলারকে পৃথক পাঁচটি মামলায় মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং করা হবে এবং কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply