গাজীপুরের শ্রীপুরে বাজারে ঘুরে ঘুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জানুয়ারি) বিকালের দিকে উপজেলার আমতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ. সাইদুল ইসলাম। এ সময় এলপিজি সিলিন্ডার পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, বিকেলের দিকে শ্রীপুর চৌরাস্তার পাশে আমতলা এলাকায় গাড়িতে করে সিলিন্ডার বিক্রি করছিল বিসমিল্লাহ ইলেকট্রনিক নামের একটি পরিবেশক প্রতিষ্ঠান। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন দোকানে সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ. সাইদুল ইসলাম বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।
উল্লেখ্য: গতকাল রোববার গাজীপুরের শ্রীপুর পৌরে বেশী দামে এলজিপি গ্যাস বিক্রির দায়ে দুই খুচরা দোকানী ও তিন ডিলারকে ৫ মামলায় মোট ৮৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
Leave a Reply