বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। সভাপতির বক্তৃতায় তিনি বলেন আগামী নির্বাচনকে সুষ্ঠু, সফল ও গ্রহণযোগ্য করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা নিয়োজিত থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে আনসার ব্যাটেলিয়ন ও গ্রাম পুলিশ মোতায়েন করে রাতে টহল নিয়মিত রাখতে হবে। তিনি বলেন নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে পোস্টার-ব্যানারগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। যারা এখনো নির্বাচনী পোস্টার-ব্যানার ও বিলবোর্ড নামায়নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকে বিঘ্নিত করতে কেউ এআই প্রযুক্তি বা ডিপফেক ব্যবহার করে গুজব ছড়ালে তাকে আইসিটি মামলায় সাজা প্রদান করা হবে। তিনি আরো বলেন, প্রত্যেকটা ভোটকেন্দ্রে আগুন নির্বাপক যন্ত্র রাখতে হবে যেন কোনো অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এছাড়া সব ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতাধীন রাখতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মাহমুদুল আহসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply