বরিশালের পিরোজপুরে স্ত্রীকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী নজরুল ইসলাম ১৪ বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। র্যাব-৮ সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে পিরোজপুর সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মোঃ নজরুল ইসলাম (৫৩) পিরোজপুর জেলার সদর থানাধীন চলিশা এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে। ১৯ মার্চ মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানাধীন ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া তলা নামক স্থানের একটি ডোবা থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। যে ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে উদ্ধার হওয়া মৃতদেহটি গ্রেপ্তার সাজাপ্রাপ্ত নজরুল ইসলামের স্ত্রী নাসিমার বলে শনাক্ত করা হয়। আর নাসিমার মৃত্যুর ঘটনার সঙ্গে স্বামী নজরুলের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। পাশাপাশি ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে নজরুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত ঐ সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। র্যাব জানায় র্যাব-৮ এর সিপিএসসির একটি আভিযানিক দল ছায়াতদন্ত করে এবং আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে পিরোজপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply