বরিশাল নগরীতে র্যাব-৮ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৮ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭ কেজি গাঁজা ও ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি মোছাঃ মায়া আক্তার জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মায়া আক্তার জ্যোতি নগরীর রসুলপুর এলাকার বাসিন্দা মোঃ মনোয়ার হোসেনের স্ত্রী। র্যাব-৮ সদর কোম্পানী এবং সেনাবাহিনীর একটি বিশেষ যৌথ আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে কোতয়ালী মডেল থানাধীন নগরীর ১০নং ওয়ার্ডের ভাটার খাল এলাকায় একটি বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজা ও ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব-৮ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন ভাটার খাল এলাকায় রাজিব চৌধুরীর মালিকানাধীন বাড়িতে এক নারী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এরপ্রেক্ষিতে আভিযানিক দলটি ঐ বসত ঘরে উপস্থিত হলে গ্রেপ্তারকৃত আসামী একটি সাদা প্লাষ্টিকের বস্তা খাটের নিচে লুকানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বস্তাটি তল্লাশী করে ৪টি ছোট ব্যাগে মোট ৭ কেজি গাঁজা এবং ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি জ্যোতির কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও মাদক বিক্রির মোট ৩১ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসহ কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply