বরিশালে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আত্ম-অনুসন্ধান শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যে নিয়ে বরিশালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়। ৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় সমাজসেবা অধিদপ্তর ও বরিশাল স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের আয়োজনে নগরীর রূপাতলীতে জেলা সমাজসেবা কমপ্লেক্স চত্ত্বরে অনুসন্ধান শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন। আত্ম-অনুসন্ধান শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন আত্ম-অনুসন্ধানের প্রধানতম দিক হলো আত্ম-উপলব্ধি। নিজেকে পরিশুদ্ধ করার প্রথম শর্তই হলো নিজের কর্মের গঠনমূলক সমালোচনা করা। আমরা যদি নিজের উন্নতি ও উৎকর্ষ সাধন করতে চাই, তবে গভীর আত্ম-অনুসন্ধান অপরিহার্য। সরকারি দপ্তরগুলোতেও আত্ম-অনুসন্ধান সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর গভীর ভালোবাসা ও মমত্ববোধের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আগলে রেখেছে। এ অধিদপ্তর বর্তমানে অসহায় ও আর্তমানবতার সেবায় এক নির্ভরযোগ্য আশ্রয়ের ভরসাস্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগের প্রান্তিক পর্যায়ের অবহেলিত মানুষগুলো সমাজসেবার নানামুখী উদ্যোগের ফলে সরাসরি উপকৃত হচ্ছে, যা সামগ্রিক সামাজিক উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের সামর্থ্যবানদের উদ্দেশে তিনি বলেন, শুধু সামাজসেবার আশায় বসে না থেকে নিজ নিজ অবস্থান থেকে পথশিশু ও সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ালে দেশ ভালোবাসা ও মমত্ববোধে ভরে উঠবে। উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, পথ শিশুদের স্বাভাবিক ও সমাজভিত্তিক মূলধারার জীবনযাত্রায় নিয়ে আসতে হবে। তাদেরকে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জীবনের নিরাপত্তা প্রদান করতে হবে। পথশিশু ও এতিমদের জন্য জন্মনিবন্ধনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। ফলে তারা শিক্ষিত হয়ে বিভিন্ন চাকরিতে আবেদনের সুযোগ পাবে। শিশু নিবাসে থাকা শিশুরা যাতে ১৮ বছর পূর্ণ হয়ে বের হওয়ার সময় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া শিশু নিবাসে থাকা প্রতিটি শিশুর তথ্য সংরক্ষণের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা জরুরি বলে বক্তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল হক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, উপকারভোগী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী। উলেখ্য, এ বছর সমাজসেবা অধিদপ্তরে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ উপ-পরিচালক হয়েছেন এ, কে, এম, আখতারুজ্জামান তালুকদার ও শ্রেষ্ঠ সহকারী পরিচালক হয়েছেন সাজ্জাদ পারভেজ।
Leave a Reply