নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুমনী আক্তার। বৃহস্পতিবার উপজেলা পরিষদ পরিদর্শনকালে তিনি পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি উপজেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার পরিবেশ ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবগত হন।পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৬৫ জন, দাখিল পরীক্ষায় ৬ জন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ জন রয়েছেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক সুমনী আক্তার।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে ভালো ফলাফল অর্জনকারীদের উৎসাহিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply