প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধ এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। তিনি বলেছেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সঠিক তথ্য জানা, বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, “অভিবাসন খাত বাংলাদেশের উন্নয়নের জন্য অতীব জরুরি। একজন দক্ষতানির্ভর অভিবাসী যেমন নিজের ও পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য অগ্রগামী, তেমনি বাংলাদেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, বিদেশে প্রতারণা বা নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা অভিবাসীদের আইনগত সহায়তা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাউন্সেলিং সেবার গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. শরীফুল আলম। তিনি নিরাপদ অভিবাসন, বিদেশ-ফেরত অভিবাসীদের পুনর্বাসন এবং বিভিন্ন সমস্যা সমাধানে কাউন্সেলিং সেবার গুরুত্ব তুলে ধরেন। সরকার ও ব্র্যাক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে এ ধরনের সেবার পরিধি আরও বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি মানব পাচারের নতুন নতুন রুট সম্পর্কে আলোচনা করেন এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সঠিক তথ্য সংগ্রহ, বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।
কর্মশালায় সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা) করিমুল মাওলা এবং সহকারী পরিচালক, প্রবাসী কল্যাণ সেন্টার আতাউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার প্রবাসবন্ধু ফোরামের সভাপতি ও সদস্য, অভিবাসন খাতের সংশ্লিষ্ট অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সৌদি আরব থেকে ফেরত আশরাফুল ইসলাম বিদেশে গিয়ে নিজের ওপর ঘটে যাওয়া নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন। একইভাবে সৌদি আরব-ফেরত অভিবাসী আফরুজা বেগম বিদেশে নারী অভিবাসীদের কাজের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় টেকসই পুনরেকত্রীকরণের জন্য সুবিধাভোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
Leave a Reply