দেশের পেনশনভোগীদের জন্য পেনশন কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে চালু হতে যাচ্ছে ‘Online Pension Tracking & Management System (OPTMS)’।
এ উপলক্ষে আজ বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সিএজি কার্যালয়ে OPTMS-এর অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয় এবং অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে কার্যালয়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় OPTMS-এর সর্বশেষ অগ্রগতির ওপর একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়।
উপস্থাপনায় জানানো হয় যে, সংশ্লিষ্ট দপ্তরসমূহে অবসর-উত্তর (Post-Retirement) কার্যক্রমের সফল অটোমেশনের ধারাবাহিকতায় অবসর-পূর্ব (Pre-Retirement) কার্যক্রমকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার লক্ষ্যে OPTMS প্রস্তুত করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে পেনশন আবেদন জমা দেওয়ার পর একজন পেনশনভোগী অনলাইনের মাধ্যমে তার পেনশন ফাইলের সর্বশেষ অবস্থান, কোন দপ্তরে এবং কোন পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে—তা সহজেই জানতে পারবেন।
সিএজি নূরুল ইসলাম OPTMS-এর দ্রুত ও সফল বাস্তবায়নের জন্য সিজিএ, সিজিডিএফ এবং এডিজি (অর্থ), বাংলাদেশ রেলওয়ে কার্যালয়কে এসপিএফএমএস কর্মসূচির সংশ্লিষ্ট কারিগরি দলের সঙ্গে নিয়মিত সমন্বয় ও সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া OPTMS-এ সিজিএ কার্যালয়ের সুপারিশসমূহ অন্তর্ভুক্তকরণ, সিজিডিএফ ও এডিজি (অর্থ), বাংলাদেশ রেলওয়ের প্রয়োজনীয় Business Process দ্রুত প্রস্তুত ও প্রেরণ, ELPC ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সার্ভিস স্টেটমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনের মাধ্যমে পেনশনভোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সিএজি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় OPTMS দ্রুত পূর্ণাঙ্গ রূপ লাভ করবে এবং এর মাধ্যমে দেশের পেনশনভোগীরা আরও আধুনিক, স্বচ্ছ, সময়োপযোগী ও নাগরিকবান্ধব ডিজিটাল পেনশন সেবা লাভ করবেন।
Leave a Reply