1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দাওয়াত না পেয়ে শিক্ষকদের গালিগালাজ করে স্কুলে তালা! বিএনপির ৬নেতা আজীবন বহিষ্কার - দৈনিক আমার সময়

দাওয়াত না পেয়ে শিক্ষকদের গালিগালাজ করে স্কুলে তালা! বিএনপির ৬নেতা আজীবন বহিষ্কার

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
গাজীপুরের শ্রীপুরের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও স্কুলে তালা দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৬জন নেতা-কর্মীকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারন দেখিয়ে উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বুধবার (২২ এপ্রিল) সকালের দিকে নিজের ফেসবুক আইডিতে বহিষ্কার নোটিশ প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ।
উপজেলা বিএনপি সুত্র জানায়, এ ঘটনার পর একটি সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও কয়েকটি গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে বিএনপির নীতিনির্ধারকদের নজরে আসে। এরপর স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু উপজেলা বিএনপিকে তদন্ত কমিটি করে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশের পর ২০ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ৬জন নেতাকে আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ‘বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়’-এর একটি বিদায় অনুষ্ঠানে অভিযুক্ত ব্যক্তিরা এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান এবং শিক্ষকদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। উক্ত ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। প্রাথমিক তদন্ত ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
মো: সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক, আ: মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মো: হাসমত আলী হাসু, সদস্য মো: আরমান আলী, মো: মাহবুব আলম ও সদস্য মো: রফিকুল ইসলাম।
এ বিষয়ে শাস্তি পাওয়া কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল (আজাদ) বলেন, তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত হয়েছে। সেই প্রেক্ষিতে প্রাপ্ত তথ্যপ্রমাণের আলোকে দলীয় গঠনতন্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব বলেন,’ কোনো অপরাধী দলের পরিচয় বহন করতে পারে না। আমরা করতে দেবোনা। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্মে লিপ্ত হওয়ার প্রমাণ পেলে সঙ্গে সঙ্গেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যতো বড় নেতাই হোক না কেনো অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,’ এ ঘটনায় আমাকে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি। দলীয় লোকজনের বিষয় তাই দলের উর্ধতন নেতারা শাস্তির ব্যবস্থা করেছে। আমরাও আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।
প্রসঙ্গত, রোববার (১৯ এপ্রিল) দুপুরের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে স্কুলে এসে অশালীন ভাষায় গালিগালাজ ও  ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। এরপর অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়া হয়। পরে স্থানীয় পর্যায়ে মিমাংসা করে সংক্ষিপ্তভাবে ১ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com