বাংলাদেশে বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি নিতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে দুবাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আলী লোথা এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে জাপান, ভারত ও কোরিয়া বিনিয়োগ করেছে উল্লেখ করে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বিনিয়োগের প্রস্তাব দেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, চট্টগ্রাম, পায়রা ও মাতারবাড়ী সমুদ্রবন্দরে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা চাইলে এ সুবিধা নিতে পারেন।
মাহবুবুল আলম বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুদেশের মধ্যে একটি। অর্থনৈতিক উন্নয়নে অন্যতম সহযোগী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সব সময় বাংলাদেশের পাশে থেকেছে। আমাদের কয়েক লাখ রেমিট্যান্স যোদ্ধা ভাইবোন সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির ভিত মজবুত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি।
এ খাতগুলোতে বিনিয়োগ করে লাভবান হতে পারেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ইউএইর ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে ইউএইর কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। এসব খাতে বিনিয়োগ করে লাভবান হতে পারেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। বর্তমান সরকার ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। বিনিয়োগের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) স্থাপন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল, পদ্মাসেতু নির্মাণসহ সরকার দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করেছে।
দুবাই চেম্বারের সভাপতি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশ নিয়ে অনেক আগ্রহী। তাঁরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিনিয়োগের কথা ভাবছেন। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাব্যতা যাচাইয়ে দুবাই চেম্বারের পক্ষ থেকে ইতোমধ্যে একটি দল গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন মোহাম্মদ আলী লোথা।
বৈঠকে এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান ও ফখরুস সালেহীন নাহিয়ান, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার, সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল মার্কেটসের ভাইস প্রেসিডেন্ট সালেম আল শামসি প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply