1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
থানার নাকের ডগায় বাজারের এক মার্কেটে পাশাপাশি ৫দোকানে চুরি, আতংক  - দৈনিক আমার সময়

থানার নাকের ডগায় বাজারের এক মার্কেটে পাশাপাশি ৫দোকানে চুরি, আতংক 

আলফাজ সরকার,গাজীপুর:-
    প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলার সদর এলাকার বাজারে একটি মার্কেটের পাশাপাশি ৫ দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর রাতের কোনো এক সময় ও বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটে এসব চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী শ্রীপুর বাজারের ব্যবসায়ীরা হলেন, পৌর এলাকার লোহাগাছ গ্রামের মৃত মহর আলীর ছেলে ইদ্রিস মিলিটারির কসমেটিকের দোকান, একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মানিক মিয়ার ইলেকট্রনিকস দোকান,খলিল মিয়ার ছেলে রাজিব মিয়ার টেইলারিংয়ের দোকান, পটকা গ্রামের রুহুল আমিনের ছেলে হেলাল উদ্দিনের টিউবওয়েলের দোকান, মৃত মুনসুর আলীর ছেলে আল আমিনের মোটরসাইকেল গ্যারেজ,আব্দুল মজিদের ছেলে মনির হোসেনের মুদি দোকান।
জানা যায়, শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটে অবস্থিত ইদ্রিস মিলিটারির কসমেটিকের দোকানের টিনের ছাউনি কেটে দোকানের ক্যাশে থাকা নগদ ২১ হাজার টাকা ও মালামাল নিয়ে যায়। একই অবস্থায় পাশের দোকানী মানিক মিয়ার ইলেকট্রনিকস দোকানের ইলেকট্রনিক মাল নিয়ে যায়। পাশের দোকানী রাজিব মিয়ার টেইলারিংয়ের দোকানে রাখা কাপড় দিয়ে যায়। পাশের হেলাল উদ্দিনের টিউবওয়েলের দোকানের তার ও পাইপ নিয়ে যায়। একই স্থানের  আল আমিনের মোটরসাইকেল গ্যারেজের মবিলসহ মাল ও  মনির হোসেনের মুদি দোকানের টিনের ছাউনি কেটে ভেতরে ঢুকে মাল নিয়ে যায়।
গত কয়েকদিন আগে একই বাজরের আরফান মিয়ার ফেক্সিলোড লোডের দোকানের  ১৭টি মোবাইল ও নগদ টাকা,  মানিক ইলেকট্রনিকস দোকানের মালামাল,মনির হোসেনের মোবাইল,  সোহেল মিয়ার সিগারেট ও মালামাল, থানার মোড়ের আমানের দোকানের মালামাল, খন্দকার মাসুদ মিয়ার মোবাইল সামগ্রী চুরি হয়। এসব ঘটনার পর থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকানীরা।
দোকানী মানিক মিয়া বলেন,’সমিতি থেকে কিস্তি নিয়ে দোকানে মালামাল উঠাইছি। ঈদ উপলক্ষে দোকানে বেশ কিছু মাল উঠাইছি। পরপর ২বার আমার দোকানে চুরি হয়েছে। আমি পথে বসে গেছি। বাজার পরিচালনা কমিটির নিয়োজিত পাহারাদার এসব ঘটনা অবশ্যই জানে।’
দোকানী আরফান মিয়া বলেন, আমার দোকান থেকে ১৭টি মোবাইল ও টাকা নিয়ে গেছে। এখন আবার পাশের ৫ দোকানে চুরি হয়েছে। আমাদের নিরাপত্তা নেই।
স্থানীয় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার লুৎফর রহমান বলেন,’ ইদানীং চুরির ঘটনা অহরহ ঘটে। বাজারের আশপাশের কিছু বকাটে ও কিশোর গ্যাং আছে ওরাই রাতের আঁধারে চুরি করে। ওদেরকে আইনের আওতায় আনা হলে সব চুরির খবর বেরিয়ে আসবে।’
শ্রীপুরের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক বলেন,’ থানার সামনে বাজারে ৫-৭ জন পাহারাদার থাকার পরও এভাবে দোকানে চুরি হয় সেটা অকল্পনীয়। পরপর চুরি হচ্ছে। আমাদের ধারণা এসব পাহারারত ব্যক্তিরা দায়িত্ব অবহেলার পাশাপাশি চোর সম্পর্কে অবগত আছেন। পুলিশ প্রশাসন জরুরি ভিত্তিতে নজর দেওয়া উচিৎ। ‘
শ্রীপুর বাজার নিরাপত্তা কমিটির সভাপতি আরিফ হোসেন বলেন, ‘পাশাপাশি দোকানগুলোতে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। থানায় খবর দেওয়ার পর একজন এসআই এসেছিলেন। তারা তদন্ত করছেন।  বাজারে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন,’ গরু চুরি ঠেকাতে উপজেলার গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। আমিও গতরাতে কয়েকটি জায়গায় টহলে ছিলাম। শ্রীপুর বাজারের চুরির ঘটনায় এখনো কেউ আমাকে অবগত করেনি। আপনার মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
থানার নাকের ডগায় এমন চুরি প্রশ্নে ওসি বলেন,’ বাজার নিরাপত্তা কমিটির পক্ষে যেহেতু তাদের নিজস্ব পাহারাদার নিয়োজিত আছে সেহেতু    তাদের দায়িত্ব ছিল আমাদের জানানো। তাহলে সঙ্গে সঙ্গে আমাদের টহল পুলিশ হাজির হতো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com