জাহাজ বণ্টন সংক্রান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করার অভিযোগে চারটি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স শী কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স ও কাজের অনুমতি পাওয়া শিপ হ্যান্ডলিং অপারেটরদের মধ্যে জাহাজ বণ্টনের ক্ষেত্রে দেওয়া নির্দেশনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে প্রতিপালন করেনি।
চিঠিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫-এর অনুচ্ছেদ ‘গ’-এর ৭.৪ ধারার ব্যত্যয়। এ কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডের ২৭ জুলাই ২০২৬ তারিখের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানগুলোর শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
সিদ্ধান্তের অনুলিপি ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশনস), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের পিএস, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে।
এদিকে, শ্রম আইনের বিধান অনুযায়ী বার্থ অপারেটরস, শীপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটর্স ওনার্স এসোসিয়েশন-কে ২৮ এপ্রিল ২০১০ তারিখে ট্রেড ইউনিয়ন হিসেবে নিবন্ধন দেওয়া হয়।
২০১৬ সালে ‘বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসোসিয়েশন’ ওই নিবন্ধন বাতিলের জন্য রিট দায়ের করলেও শ্রম অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ ১৩ জুন ২০১৬ তারিখে বার্থ অপারেটর এন্ড শীপ হ্যান্ডলিং অপারেটর এন্ড টার্মিনাল অপারেটর ওনার্স এসোসিয়েশন, রেজি: ২৫৪৬-কে আইনসম্মত ঘোষণা করে।
পরবর্তীতে অভিযোগ ওঠে, অপর সংগঠনটি আইনগত এখতিয়ার ছাড়াই চট্টগ্রাম বন্দরে কার্যক্রম ও শিপ হ্যান্ডলিং অপারেটর কমিটি পরিচালনা করছে। জাহাজ বরাদ্দ নিয়ে বন্দর কর্তৃপক্ষ একাধিকবার কৈফিয়ত তলব ও সতর্ক করলেও বাতিল হওয়া সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসোসিয়েশন-এর কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় নীতিমালা লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় নিয়ন্ত্রক হিসেবে থাকা চারটি প্রতিষ্ঠানের শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মেসার্স ডিভি হাজী আবদুল আজিজ এন্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান রানা বলেন, বন্দর এবং সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও আমার প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়নি এই চক্র। আমি আশা করছি, এ সিদ্ধান্তের মাধ্যমে আমি জাহাজ বরাদ্দসহ ন্যায়বিচার পাব।
নিজের প্রতিষ্ঠানকে ১৯৫৭ সালের দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২ নম্বর তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে আবদুল মান্নান রানা বলেন, দেরিতে হলেও বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
Leave a Reply