চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অফিস সহকারী মোঃ শামীম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন ধনবাড়ী থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে।
অভিযোগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাসিন্দা সুমি বেগম অভিযোগ করেন, অভিযুক্ত শামীম হোসেন তাকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা গ্রহণ করেন। দীর্ঘদিন পার হলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করেন অভিযুক্ত। পরে তিনি বিষয়টি ধনবাড়ী থানায় লিখিতভাবে অবহিত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অপরদিকে একই উপজেলার আরেক ভুক্তভোগী সাবিহা নামে এক নারী অভিযোগ করেন, তার কাছ থেকেও চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক দফায় প্রায় ২ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ গ্রহণ করলেও পরবর্তীতে যোগাযোগ এড়িয়ে যান।
দুই অভিযোগেই অভিযুক্ত মোঃ শামীম হোসেন বর্তমানে মন্ত্রণালয়ের কর্মরত বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও প্রতারণার অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা দ্রুত তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।
ধনবাড়ী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগগুলো গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply