নগরীর ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অননুমোদিত রং-রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. নগরীর বার কোয়ার্টার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানকালে বার কোয়ার্টার এলাকার পশ্চিম ঝর্ণাপাড়ার ‘মায়ের দোয়া চানাচুর কারখানা’-তে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এছাড়া খাদ্যপণ্য তৈরিতে বিভিন্ন ধরনের অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহার এবং পোড়া তেল বারবার ব্যবহারের বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
এসব অপরাধে কারখানাটির বিরুদ্ধে মামলা রুজু করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ভেজাল ও অননুমোদিত উপাদান ব্যবহার এবং খাদ্যপণ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply