চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকায় কাপড় ব্যবসার আড়ালে মাদক ব্যবসার অভিযোগে শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাসা থেকে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনার আলোকে সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী, এএসআই (নিঃ) সিফাতুল্লাহ ও এএসআই (নিঃ) মো: সোহাগ হোসেনের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নেভী হাসপাতাল গেইট এলাকা থেকে শিরিন প্রকাশ শিরিনাকে গ্রেফতার করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা ০৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিরিনা এলাকায় কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বাসায় বিপুল পরিমাণ কাপড়ের সমাহার দেখা যায়। তবে কাপড় ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে নেভী হাসপাতাল গেইট এলাকার স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply