কক্সবাজারের বদরখালী এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ির একটি দল কক্সবাজারের চকরিয়া থানাধীন বদরখালী ১ নম্বর ফিশারী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তী তল্লাশিতে বোট থেকে ১০টি ট্রলিং জাল এবং ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। একই সঙ্গে বোটের মালিক পক্ষের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোটটি তাদের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রি এবং অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,
“মৎস্য সম্পদ রক্ষা ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Leave a Reply