তারুণ্যের উচ্ছ্বাস, স্টেডিয়ামে উপচে পড়া দর্শক আর পরিবর্তনের অঙ্গীকার সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের দাপুটে সূচনা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলার ২৪টি কলেজ দল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, এই মাঠের প্রতিটি খেলোয়াড়ই আগামী দিনের পরিবর্তনের বার্তাবাহক। খেলাধুলা যুব সমাজকে সৎ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে তোলে। আমরা চাই, এখান থেকেই জাতীয় দলের ভবিষ্যৎ তারকারা উঠে আসুক। তিনি আরও বলেন, জয়-পরাজয় নয়; খেলাধুলার চেতনা ও দায়িত্ববোধই তরুণ সমাজকে আলোকিত করে। ময়মনসিংহ খেলাধুলায় আগের গৌরব ফিরে পাবে এই আয়োজনের মাধ্যমে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, খেলাধুলা তরুণদের বিপথগামিতা থেকে দূরে রাখে। যারা মাঠে থাকে, তারা কখনোই ভুল পথে যায় না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি।
অনুষ্ঠানের সভাপতি ও জেলা ক্রীড়া অফিসার আল আমিন বলেন, ময়মনসিংহের কলেজগুলোতে অনেক প্রতিভা লুকিয়ে আছে। এই টুর্নামেন্ট তাদের স্বপ্ন পূরণের সোপান। এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে—এটাই আমাদের প্রত্যাশা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ কমার্স কলেজ ও আব্দুর রহমান কলেজ। টানটান উত্তেজনায় পরিপূর্ণ ৬০ মিনিটের খেলাটি উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি দর্শকে ভরে যায় কানায় কানায়। করতালি, স্লোগান আর তুমুল উচ্ছ্বাসে স্টেডিয়াম পুরোটা সময় মুখর ছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস, জেলা ক্রীড়া সংস্থা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড়-ম্যানেজার, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,টুর্নামেন্টে অংশ নেওয়া ২৪ দলের মধ্য থেকে সেরা দুই দল যাবে বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহের প্রতিনিধিত্ব করতে।
আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
Leave a Reply