অনলাইন জুয়া খেলায় হেরে হৃদয় দেব (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসু দেবের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে। নিহতের পরিবারের সদস্যরা জানান, হৃদয় দেব চুড়ামনকাটি বাজারের ইসমাইল হোসেনের ফার্মেসিতে চাকরি করতেন। তিনি গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে ফার্মেসিতে যান। পরে তারা জানতে পারেন হৃদয় ফার্মেসির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের দাবি হৃদয় স¤প্রতি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন। তাদের ধারণা অনলাইনে জুয়া খেলায় হেরে গিয়েই তিনি আত্মহত্যা করেছেন। মালিক ইসমাইল হোসেন জানান, প্রতিদিন সকালে ফার্মেসি খোলেন হৃদয় দেব। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি এসে ফার্মেসির শার্টার বন্ধ দেখতে পান। তিনি শার্টার তুলে ভিতরে উঁকি দিতেই হৃদয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে যান। তবে কি কারণে হৃদয় আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছেন না বলে জানান ইসমাইল হোসেন। বাবা বাসুদেব জানান, সকালে নাস্তা করে হৃদয় দোকান খোলার কথা বলে বাড়ি হতে বের হন। এরপর তিনি জানতে পারেন তার ছেলে দোকানের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি জানান, তার ছেলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। তার ধারণা জুয়ায় হেরেই আত্মঘাতি হয়েছেন হৃদয়। তাছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলেন স্থানীয়রা। ময়নাতদন্ত হওয়ার পর মৃত্যুও ঘটনা জানা যাবে।
Leave a Reply