ঢাকা জেলার সাভারে কর্মরত বিভিন্ন সংবাদকর্মী, রাজনৈত্যিক নেতা ও জনপ্রতিনিধিদের নামে রটনা সহ ভুল ও মিথ্যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল। একই সাথে দীর্ঘদিন যাবৎ সাভার ও আশুলিয়া বিভিন্ন সংবাদকর্মী, রাজনৈতিক নেতা, প্রসাশনের বিভিন্ন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে কিছু ব্যক্তি ফেক আইডি খুলে মিথ্যা, ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সকলের সম্মান নষ্ট করছে। শুধু তাই নয় সংবাদ কর্মীদের ভিতর কোন্দল সৃষ্টি করতে বিভিন্ন বেনামে পোর্টাল খুলে মিথ্যে সংবাদ প্রচার করে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ব্যক্তিদের নামে বিভিন্ন কুৎসা রটিয়ে বিকাশবাজির ঘটনার তথ্যও উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর আগে সে সব টার্গেটকৃত ব্যক্তিদের নিকট বিকাশে অর্থ চাওয়ারও তথ্য পাওয়া গিয়েছে। বিকাশে অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের নামে অপপ্রচার চালানো শুরু হয় বলে জানা যায়। এছাড়াও সাংবাদিকদের মধ্যে ভেদাভেদ তৈরী করতে সেই কুচক্র মহল বেশ তৎপর বলেও তথ্য পাওয়া যায়।
কখনো ফেইক আইডি বা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খুলে সম্মানহানিরকর বিভিন্ন মিথ্যে অপপ্রচার করে চলছে। এমনি এক ঘটনার শিকার হয়েছে সাভারে কর্মরত ৩ জন সংবাদকর্মী। ভোরের খবর পত্রিকার চিফ রিপোর্টার কেএম সবুজের নামে প্রথমে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দুটো ফেক আইডি দিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে আসছিলো বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে অনিবন্ধিত বিভিন্ন নিউজ পোর্টাল নিজেরা তৈরি করে সেখানে মিথ্যে সংবাদ প্রচার করে প্রকৃত সাংবাদিকদের সম্মানহানি করে চলেছে সেই কুচক্র মহল। এমন একটি অপ্রত্যাশিত নিউজ পোর্টালের নামে থানায় সাধারণ ডায়েরী করেছেন দৈনিক বাংলা ৭১ এর ষ্টাফ রিপোর্টার প্রদীপ ঘোষাল (তপু) ও দৈনিক সকালের সময়ের ঢাকা জেলা প্রতিনিধি ইমাম হোসাইন।
২৫ জুন (রোববার) বিকেলে সশরীরে উপস্থিত হয়ে সাভার মডেল থানায় সাংবাদিক প্রদীপ ঘোষাল তপু ও ইমাম হোসাইন পৃথক দুইটি সাধারন ডায়েরী করেন। যাহার নং ১৮৯১ ও ১৮৯৩।
সাধারণ ডায়েরীতে উল্লেখ্য, গত ২৫ জুন দুপুর ১ ঘটিকায় দৃষ্টি গোচর হয় দৈনিক নতুন দিগন্ত নামীয় নাম সর্বস্ব ভূঁইফোড় অনলাইন পোর্টালে আশুলিয়ায় জিয়া সাইবার ফোর্সের এজেন্টরা রাষ্ট্র বিরোধী কার্যক্রমে সক্রিয় নামক সংবাদ প্রচারে গনমাধ্যমে কর্মরত কে এম সবুজের নাম এবং ছবি ব্যাবহার করা হয়। যে পোর্টাল টি থেকে সংবাদ প্রচার করা হয়েছিলো সেটির প্রকাশক এবং সম্পাদক উল্লেখ করা হয় দৈনিক সকালের সময় ঢাকা জেলা প্রতিনিধি ইমাম হোসাইনের নাম এবং নির্বাহী সম্পাদক হিসেবে উল্লেখিত দৈনিক বাংলা ৭১ এর ষ্টাফ রিপোর্টার প্রদীপ ঘোষাল (তপু)।
সাধারন ডায়েরিতে তারা উল্লেখ করেন এ নামসর্বস্ব নিউজ পোর্টাল কে বা কাহারা ক্ষতি সাধনের লক্ষ্যে তাদের নাম জড়িয়ে এমন কার্যকালাপ করে চলছে, নিরাপত্তা ও অপপ্রচার রোধে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের শাস্তি কামনা করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সাধারণ ডায়েরির সত্যতা স্বীকার করে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এস আই) সাব্বির আহমেদ দৈনিক আমার সময়-কে বলেন, দুজন সংবাদ কর্মীর সাধারন ডায়েরির ব্যাপারে জানতে পেরেছি। আদালতের অনুমতি নিয়ে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে প্রদীপ ঘোষাল (তপু) দৈনিক আমার সময়-কে বলেন, দীর্ঘদিন যাবৎ সাভার ও আশুলিয়ায় সংবাদকর্মী, রাজনৈতিক নেতা, প্রসাশনের বিভিন্ন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে কিছু ব্যাক্তি ফেক আইডি খুলে মিথ্যে ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সকলের সম্মান নষ্ট করছে। শুধু তাই নয় সংবাদ কর্মীদের ভিতর কোন্দল সৃষ্টি করতে বিভিন্ন নামে পোর্টাল খুলে মিথ্যে সংবাদ প্রচার করে চলছে, যা মারাত্মক অন্যায়। দ্রুত দোষীদের শনাক্ত করে প্রসাশন ব্যবস্থা গ্রহন করবে বলেও তিনি বিশ্বাস করেন। তা না হলে সাংবাদিকতা হুমকির মুখে পতিত হবে। সাভারে সাংবাদিকতা হুমকির মুখে পড়ার আগেই সাংবাদিকদের স্বার্থ, স্বাস্থ্য, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সকল সাংবাদিকদের এক হয়ে পেশাগত দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
Leave a Reply