শরীয়তপুরে সার ডিলার নিয়োগের নতুন নীতিমালা বাতিল এবং খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৩ মার্চ) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কে.এস.বিএবি)-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মামুন মোল্লা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রণীত নতুন সার নীতিমালায় খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছে, যা কার্যকর হলে সারাদেশে প্রায় ৪৪ হাজার ব্যবসায়ী পরিবার চরম সংকটে পড়বে। একই সঙ্গে কৃষকেরা সময়মতো সার না পাওয়ার আশঙ্কা তৈরি হবে, ফলে কৃষি উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে।
ব্যবসায়ী নেতারা আরও বলেন, কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সম্মিলিত সার ডিলার নিয়োগের নতুন নীতিমালা বাতিল করতে হবে এবং বিদ্যমান খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখতে হবে। অন্যথায় দাবি আদায়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
Leave a Reply