বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি কখনো প্রতিশোধমূলক বা প্রতিহিংসার রাজনীতি করেনি। জনগণের পাশে থেকেই দলটি রাজনীতি করে এসেছে। তারা হুঙ্কার বা হুমকি দিয়ে রাজনীতিতে বিশ্বাস করে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি। ভবানীগঞ্জ, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়নের ব্যানারে এ জনসভার আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি কখনো আস্ফালন বা লম্ফঝম্প দেখিয়ে রাজনীতি করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ দেশের সাধারণ মানুষের প্রতি যে শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন, তিনি নিজেও সেই আদর্শ অনুসরণ করে রাজনীতি করছেন। সাধারণ মানুষকে সম্মান ও সমীহের জায়গায় রেখেই তাঁর রাজনৈতিক পথচলা।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ্যানি বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াতের একটি নির্বাচনি সমাবেশে লক্ষ্মীপুরের উন্নয়ন বা মানুষের জীবনমান পরিবর্তনের কোনো রূপরেখা তুলে ধরা হয়নি। সেখানে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও আধুনিক লক্ষ্মীপুর গড়ার কোনো প্রতিশ্রুতি না দিয়ে হুঙ্কার, আস্ফালন ও হুমকির ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ্যানি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ প্রত্যাশা করে—সব রাজনৈতিক দল ও নেতারা যেন হুমকি, ধমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে সরে আসেন। মানুষ এখন গঠনমূলক রাজনীতি দেখতে চায়। তারা চায় বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠুক, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক।
জনসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান বক্তব্য দেন।
এ ছাড়া সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান এবং বিএনপি নেতা জিয়া উদ্দীন চৌধুরী আরিফসহ স্থানীয় নেতারা জনসভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply