1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫ - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে দলটির নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা ১৫টি মাইক্রোবাসও ভাঙচুর করে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রামগতি উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজার এলাকায় পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে।

জেএসডি সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুর–৪ (রামগতি ও কমলনগর) আসনের নির্বাচনী জনসভা সোমবার বিকেলে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন দলটির সহসভাপতি তানিয়া রব। দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলেন। পথে বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা চালানো হয়।
আহতরা হলেন লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল হোসেন, ইবনে হাসান ও তারেকসহ ১৫ জন। সবাই রামগতি উপজেলার বাসিন্দা এবং জেএসডির কর্মী। গুলিবিদ্ধ দুজনসহ আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও রামগতির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু অভিযোগ করে বলেন, ‘বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের ১৬টি গাড়ি ভাঙচুর করা হয়।’

অভিযোগ অস্বীকার করে রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘জেলা নেতাদের নির্দেশে আমরা নীরব ভূমিকায় ছিলাম। বরং তানিয়া রবের ঘনিষ্ঠ সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।’

এদিকে লক্ষ্মীপুর–৪ আসনে বিএনপি–জোটের প্রার্থী হতে চান জেএসডির সহসভাপতি তানিয়া রব, যিনি দলটির সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী। একই আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী এ বি এম আশরাফ উদ্দিন নিজানও। দলটি এখনো এই আসনে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com