রাজধানীর কাঁটাবন এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে গত বুধবার রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরাম আকরাম (৩৭) ভাঙারি ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান হোসেন (১৬)। মাসুদ রানার আরেক ছেলে মো. আরমান হোসেন জানান, তার বাবা পিকআপ ভ্যানের চালক। রাতে ইকরাম নামে ওই ব্যবসায়ীর ভাঙারি মালামাল নিয়ে টঙ্গী থেকে ঢাকায় গিয়েছিলেন। রাত ৩টার দিকে তিনি খবর পান কাঁটাবন এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার বাবার পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এরপর তিনি ঢাকা মেডিকেলে এসে তার বাবাকে ও ছোট ভাইকে আহত অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, তাদের বাসা টঙ্গী মিরেরবাজার এলাকায়। তবে নিহত ইকরামের ঠিকানা বলতে পারেননি মাসুদ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
Leave a Reply