যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
মাহাবুব স্যারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রফিকুল বারী স্যার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানায়। শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও শ্রদ্ধায় পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রফিকুল বারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, শৃঙ্খলা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদেরও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুহি শিক্ষা গুরুর মর্যাদা ও শিক্ষকদের অবদানের ওপর সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী বক্তব্য রাখে। তার বক্তব্য উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা কুড়ায়।
বক্তারা বলেন, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এ ধরনের আয়োজন তারই একটি ইতিবাচক দৃষ্টান্ত। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এই পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আলোচনা পর্ব শেষে আনন্দমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। দিনব্যাপী আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে।
Leave a Reply