তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের উৎসাহিত করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রংপুরের আরডিআরএস মিলনায়তনে এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত ‘আগামীর উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা’ কর্মসূচির আওতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। এতে সভাপতিত্ব করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ।
অনুষ্ঠানে উদ্যোক্তা প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ওয়াইসিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হানিফ আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াইসিডিওর পরিচালক আজিজ আল জামান, পরিচালক মিস জুয়েনা ফেরদৌস মিতুল, আহ্লাদ, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আয়োজকরা জানান, দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের মধ্যে ব্যবসা ও উদ্যোক্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা বলেন, রংপুর বিভাগের তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য এ ধরনের কর্মসূচি ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে ধারণা প্রদান, অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আশা প্রকাশ করেন, জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইনের মাধ্যমে রংপুর বিভাগের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে।
Leave a Reply