গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হেনা বেগম নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় তার ছেলে হাবিবুর রহমান ও মেয়ে মারজিয়াসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মুনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেনা বেগম (৫০) বগুড়া জেলার গাবতলী উপজেলার তল্লতলী গ্রামের মো. খলিলুর রহমানের স্ত্রী
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে হেনা বেগম তার ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বগুড়া থেকে শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামে মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর দিক থেকে মাওনা চৌরাস্তার দিকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির সাথে মুনসুরাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার ভেতরে থাকা হেনা বেগম, তার ছেলে হাবিবুর রহমান, মেয়ে মারজিয়া এবং আরও দুজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহত চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেনা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন আছেন।
নিহত হেনা বেগমের মেয়ের স্বামী মো. তারেক মিয়া জানান, দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে তাকে দুর্ঘটনার খবর জানানো হয়। তিনি খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন তার শাশুড়ির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনগণ পিকআপ চালকের সহকারী মো. শামসুল আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে আলামত সংগ্রহ করেছে। এ দুর্ঘটনায় হেনা নামের এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ হাসপাতালে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply