চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এক কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাকলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ বাবু, যিনি সিপ্লাস টিভির সংবাদকর্মী এবং দিলওয়ারা জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিযোগ করে জানান, শনিবার কলেজে মডেল টেস্ট পরীক্ষা শেষে তিনি বন্ধুদের সঙ্গে কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় এক ব্যক্তি এসে বড় ভাই ডাকছে বলে তাকে জোরপূর্বক একটি স্থানে নিয়ে যায়।
পরে সেখানে নিয়ে তাকে একটি চেয়ারে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ অনুযায়ী, মিসকাত নামের এক ব্যক্তি নিজেকে কলেজ ছাত্রদলের সহ-সভাপতি পরিচয় দিয়ে বলেন, কলেজের সামনে মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না। এ সময় শিক্ষার্থী বিষয়টির প্রতিবাদ করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে সাজু নামের আরেক ব্যক্তি তাকে হুমকি দিয়ে মোটরসাইকেল আনতে নির্দেশ দেন। তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে মাঝপথে আবার তাকে আটকানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে ঘুষি, লাথি ও থাপ্পড় মারা হয় বলেও দাবি করেন ভুক্তভোগী।
ঘটনার পরপরই তিনি বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমানকে ফোনে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান অভিযোগ গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply