1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নৈরাজ্যের আশঙ্কা, সারা দেশে ‘বিশেষ সতর্কতা’ জারি - দৈনিক আমার সময়

নৈরাজ্যের আশঙ্কা, সারা দেশে ‘বিশেষ সতর্কতা’ জারি

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে-বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছেন দলটির নেতাকর্মীরা। গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন- এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী ১১ দিন বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে। এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রেক্ষাপটে গত সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। এসবির রাজনৈতিক উইংয়ের এডিশনাল ডিআইজি সই করা এক চিঠিতে নির্দেশনা দেওয়া হয়। চিঠি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে। এতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এ সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রল বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে। এদিকে, জারি করা চিঠি নিয়ে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, এসবির ওই চিঠি কোনো ধারাবাহিক গোয়েন্দা রিপোর্ট নয়, বরং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে একটি সতর্কতামূলক পদক্ষেপ। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসবির কাছে কোনো গোয়েন্দা তথ্য থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই অধিকতর সতর্কতার জন্য তারা বিষয়টি আগে থেকেই জানিয়েছে। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল দেশজুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে- এমন শঙ্কা থেকেই গতকাল মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে। এ সতর্কতা কার্যকর থাকবে ৮ আগস্ট পর্যন্ত। এ সময় রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণাও দেন তিনি। নজরুল ইসলাম বলেন, নির্দিষ্ট করে বলা যায় না কোন এলাকায় হামলা হতে পারে। তবে যদি কোনো এলাকার নাম উল্লেখ থাকে, তাহলে সেই এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সবকিছুই সম্ভাবনার ভিত্তিতে, আর সেই অনুযায়ীই পুলিশ প্রস্তুতি নেয়। ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গত এক বছর ধরে বিভিন্ন উসকানিমূলক তৎপরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো আমরা মনিটর করছি। কয়েক দফা হরতাল ডাকা হলেও বাস্তবে তার প্রভাব খুব একটা পড়েনি। বরং হরতালের দিনগুলোতে যানজট বেশি ছিল। তিনি আরও বলেন, জুলাই মাসে বিভিন্ন রাজনৈতিক দল বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। তবে বিগত সরকারের নেতাকর্মীরা মাঠে নামবেন কিনা- সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com