নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৮ হাজার ইয়াবাসহ ইয়াকুব সরদার(৪০) এবং সুজন মোল্যা (৩৩) নামে দুইজন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে সংবাদ সম্মেলনে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ইয়াকুব সরদার নড়াইল সদর উপজেলার দিঘলিয়া ভদ্রবিলা এলাকার গনি সরদারের ছেলে এবং সুজন মোল্যা কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে। তারা পেশায় বাস শ্রমিক।
সংবাদ সম্মেলনে গোলক মজুমদার জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুরের সদর উপজেলার কালনা-নড়াইল- যশোর মহাসড়কের মালিবাগ বাসস্টান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে আসা যশোরগামী নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের বাম পার্শ্বের প্রথম সিটে থাকা ইয়াকুব সরদারকে হেফাজতে নেয় ডিএনসি সদস্যরা। পরে আসামি ইয়াকুবের হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে কাগজের ছোট কার্টুনে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি এন্ড্রোয়েড মোবাইলসহ তাকে গ্রেফতার করে ডিএনসি সদস্যরা। এছাড়া ইয়াকুবের এক সহযোগী সুজন মোল্যাকেও গ্রেফতার করা হয়।
ডিএনসির কর্মকর্তা গোলক মজুমদার সাংবাদিক দের জানান, গ্রেফতার আসামিরা পেশায় বাস শ্রমিক। তারা দুজন দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২৪ লাখ টাকা। আসামি মো. ইয়াকুব সরদারের নামে পূর্বে নড়াইল সদর থানায় একটি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply