নড়াইলে লোহাগড়া উপজেলায় পুলিশের ওপর হামলার মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর ১১টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একদল ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।
৯ সেপ্টেম্বর (বুধবার )সকালে নড়াইল লোহাগড়া উপজেলায় লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এই ঘটনা ঘটে। পরে বিকেলে সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের কথা জানা যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সন্ধ্যায় লাহুড়িয়া বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যামলের চায়ের দোকানে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় লোহাগড়া থানায় ১০ জনকে আসামি করে মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, ওই মামলার আসামি ও মাদক কারবারি হিসেবে পরিচিত সোহাগ মোল্যা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আদালত থেকে জামিনে মুক্তি পান।
ভুক্তভোগীদের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পরদিন বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নেপুর মোল্যার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ছায়মানারচর গ্রামে হামলা চালায়। তারা মুসা মেম্বার, রাশেদ খান, আজিবার শেখ, হারুন মোল্যা, হালিম মোল্যা, মাজেদুল মোল্যা ও জিয়াউর রহমানের বাড়িসহ অন্তত ১১টি বাড়িতে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।
তবে খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
ভুক্তভোগী ইউপি সদস্য মুসা মোল্যা, হারুন মোল্যাসহ কয়েকজন পরিবারের প্রধান বলেন, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খোকন হাওলাদার বলেন, বাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতরা পুলিশের ওপর হামলার মামলার আসামি এবং এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অবস্থান নেওয়াকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।#
Leave a Reply