আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ৬৮১টি পরিবারের পাশে দাঁড়িয়েছে একটি বিশেষ উদ্যোগ। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অর্থায়নে এসব পরিবারের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী ও শাড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরুর তত্ত্বাবধানে সংগৃহীত এসব উপহারসামগ্রী বুধবার (৭ অক্টোবর) মন্ত্রীর চট্টগ্রামস্থ মেহেদী বাগ বাড়ী থেকে বুঝে নেন চসিক ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর। দুর্গাপূজার আগমুহূর্তে ৬৮১টি হিন্দু পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী ও শাড়ি বিতরণ করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু এমনটাই নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ, পাশাপাশি আরও তথ্য পাওয়া গিয়েছে যে, শুধু মাত্র ৩৮ নম্বর ওয়ার্ডেই নয় মন্ত্রীর নির্বাচনী চট্টগ্রাম ১১ আসনের বিভিন্ন ওয়ার্ডে এই উপহার সামগ্রী বন্টন করা হব।।
সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও অন্যতম প্রতীক। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয়রা মনে করছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অর্থায়নে এবং ইসরাফিল খসরুর তত্ত্বাবধানে নেওয়া এ উদ্যোগ ৩৮ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে উৎসবের আনন্দ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। এদিকে ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর ৫ ই আগষ্ট পরবর্তী থেকে ওয়ার্ডের নাগরিক সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত মাঠে সক্রিয় রয়েছেন। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার ও উন্নয়ন, সড়কবাতি ও এলইডি লাইট স্থাপন, বিভিন্ন গলি ও সংযোগ সড়কের সংস্কারসহ নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে মহেশ খাল ও এর শাখা-প্রশাখার পানি প্রবাহ স্বাভাবিক রাখা, দখলমুক্তকরণ ও স্থায়ীভাবে খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন হানিফ সওদাগর। পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমেও সহযোগিতা করে আসছেন তিনি।
হানিফ সওদাগর বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক, এটাই আমাদের প্রত্যাশা।স্থানীয়দের প্রত্যাশা, আমির খসরু মাহমুদ চৌধুরীর অর্থায়ন ও ইসরাফিল খসরুর তত্ত্বাবধানে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে ৩৮ নম্বর ওয়ার্ডে দুর্গাপূজার আনন্দ আরও বিস্তৃত হবে এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হবে।
Leave a Reply