গাজীপুরের শ্রীপুরে অফিসের কাজের চাপের তাগিদে তারাহুরো করে মহাসড়ক পারাপারের সময় পিকাপের নিচে চাপা পড়ে শিল্পী নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৮ জুলাই) ভোর সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার সুফিয়া স্পিনিং মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিক শিল্পী আক্তার (৩৫) ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম গ্রামের আব্দুল জলিলের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে উপজেলার এমসি বাজার এলাকার আব্দুল মতিন মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় ডেকো কারখানায় সুইং সেকশনে কাজ করতেন।
স্থানীয় ও নিহতের স্বজন সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ভাড়া বাসা থেকে কারখানায় যাওয়ার জন্য বের হন শিল্পী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার সময় একটি পিক-আপের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে চাকার নিচে চাপা পড়ে মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শিল্পী ।
নিহতের স্বামী আবদুল কাদির বলেন, ‘কারখানায় কাজের চাপ থাকায় গতকাল সেখান থেকে বলে দিয়েছিল যে, সাড়ে ৫ টার দিকে কারখানায় উপস্থিত থাকতে শিল্পীকে। তাই, তারাহুরো করে ভোর পৌনে ৫ টার দিকে বাসা থেকে বের হন শিল্পী। পরে এমসি এলাকায় রাস্তা পারাপারের সময় পিকাপের নিচে চাপা পড়ে মারা যান তিনি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা এসেছি।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী বলেন,’খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে মরদেহ ও পিক-আপটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাকে অবগত করে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
Leave a Reply