নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে নৌকার প্রার্থীসহ সাতজনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গত রোববার ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত নোটিশ সবাইকে পাঠানো হয়। নোটিশ পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, রকি, সাইদ ও টিপু।
নৌকার প্রার্থীকে পাঠানো নোটিশে বলা হয়, বুধবার রাতে এনামুর রহমানের উপস্থিতিতে তার কর্মী ও সমর্থকরা ট্রাক প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের মারধর করেন। স্বতন্ত্র প্রার্থীর নোটিশে বলা হয়, সিন্দুরিয়া জামে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে তার পক্ষে টাকা হস্তান্তর করেন চেয়ারম্যান পারভেজ দেওয়ান। কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে কারও নির্বাচনী এলাকার যে কোনো প্রতিষ্ঠানে কোনো চাঁদা বা অনুদান আচরণবিধির লঙ্ঘন। নৌকার প্রচারে গিয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী নুরুন্নাহার আক্তার আলোকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমির বিরুদ্ধে। হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রকিসহ অন্যরা নোটিশ পান।
এদিকে, নোটিশে নৌকা সমর্রথক রকিকে দেয়া নোটিশে বলা হয়েছে, রকিসহ অন্যান্য ব্যক্তিরা ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং ওরফে মুরাদের পক্ষে নির্বাচনী প্রচার করা আব্দুল হালিমকে হুমকি দেন ও ভয়ভীতি দেখিয়েছেন। গত সোমবার দিবাগত রাতে রকিসহ অন্যান্যরা সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাতলাপুরের হালিম মার্কেটে আব্দুল হালিমের নিজস্ব কার্যালয়ে হামলা চালায় ও ভাঙচুর করে। বিশ্বজিৎ কর্মকার নামে নিরাপত্তারক্ষী হামলাকারিদের বাঁধা দিলে নিরাপত্তারক্ষীকে হুমকি ধামকি দেওয়া হয়।
Leave a Reply