1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা মেয়র ডা. শাহাদাতের - দৈনিক আমার সময়

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা মেয়র ডা. শাহাদাতের

জাকারিয়া হোসেন চট্টগ্রাম
    প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে প্রকৌশল বিভাগের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার সকালে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এ সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানোর ঘোষণা দেন।

সভায় তিনি চসিকের ছয়টি জোনের নির্বাহী প্রকৌশলীদের কাছ থেকে ওয়ার্ডভিত্তিক হালনাগাদ তথ্য নেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকিতে জোর দেন। মেয়র জানান, শীঘ্রই প্রায় ৪০ থেকে ৫০টি সড়ক, ফুটওভারব্রিজসহ বিভিন্ন স্থাপনা উদ্বোধন করা হবে। পাশাপাশি আরও ৩৬টি প্রকল্পের দরপত্র মূল্যায়ন চলছে এবং আড়াইশ থেকে তিনশ কোটি টাকার নতুন প্রকল্পের অনুমানকাজ প্রক্রিয়াধীন।

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে সড়ক ক্ষতিগ্রস্ত না হয়, এ বিষয়ে কঠোর নির্দেশনা দেন মেয়র। তিনি বলেন, এলোমেলোভাবে রাস্তা কাটা যাবে না। যে সড়কে চসিক নতুন কাজ করেছে সেগুলো কাটলে জনভোগান্তি বাড়বে। আগেই সমন্বয় করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।

দেওয়ানহাট ব্রিজের ঝুঁকি প্রসঙ্গে প্রকৌশলীরা জানান, এটি দীর্ঘদিনের পুরোনো একটি স্থাপনা। ট্রাফিক ডাটা সংগ্রহের ভিত্তিতে সিডিএর সঙ্গে সমন্বয় করে পুনর্নির্মাণ বা বিকল্প পরিকল্পনা গ্রহণ করা হবে।

নগরের মাঠ উন্নয়ন প্রসঙ্গে মেয়র বলেন, ৪১ ওয়ার্ডে প্রতিশ্রুত ৪১টি মাঠের মধ্যে ১১টির কাজ ইতোমধ্যে চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত মাঠ ও বিভিন্ন সংস্থার পতিত জায়গাও জনকল্যাণে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

ফুটওভারব্রিজ ও সড়কে বিদ্যুৎ লাইনজনিত প্রতিবন্ধকতা দূর করতে পিডিবির সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশ দেন মেয়র। তিনি প্রকৌশলীদেরকে মাঠপর্যায়ে বাধার মুখে পড়লে সরাসরি তাকে অবগত করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com