বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়া বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসী পদক্ষেপ শুধু সংহতির প্রতীক নয়, বরং এটি নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে বিবেকের গর্জন।;
শনিবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, “শহিদুল আলমের সাহসী পদক্ষেপ গাজা ফ্লোটিলায় শুধু সংহতির প্রকাশ নয়, বরং এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন—বাংলাদেশ কখনোই নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না। বিএনপি তাঁর সঙ্গে এবং ফিলিস্তিনের মানুষের পাশে আছে, আজ এবং সবসময়।”

গাজা ফ্লোটিলা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে তারেক রহমানের এই বার্তা বিএনপির অবস্থানকে আরও স্পষ্ট করেছে। ফ্লোটিলা অভিযানের উদ্দেশ্য হলো ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন সংকটের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করা।;
উল্লেখ্য, গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে যোগ দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি দীর্ঘদিন ধরেই মানবাধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করছেন। তার এই পদক্ষেপ বাংলাদেশকে বৈশ্বিক মানবিক আন্দোলনের অংশ হিসেবে উপস্থাপন করেছে।
এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযান বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়, যখন ইসরায়েলি বাহিনী তুরস্ক থেকে গাজামুখী বহরে হামলা চালায় এবং কয়েকজন শান্তিকর্মী নিহত হন। এরপর থেকেই সময় সময় এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, শহিদুল আলমের অংশগ্রহণ বাংলাদেশের গণমানুষের অবস্থানকে প্রতিফলিত করছে এবং তারেক রহমানের সমর্থন এই ইস্যুতে বিএনপির অবস্থানকেও আন্তর্জাতিকভাবে তুলে ধরছে।
Leave a Reply